সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ, যানজট নিয়ন্ত্রণে উদ্যোগী ট্রাফিক পুলিশ!

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের যানজট সমস্যা কমাতে বাস চলাচল, যাত্রী ওঠানো-নামানো ও পার্কিং ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শহরের অন্যতম ব্যস্ত এলাকা সেবক মোড়ে তৈরি হতে পারে নির্দিষ্ট বাস স্টপেজ। এই সম্ভাবনা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ ও প্রশাসন।

বর্তমানে সেবক রোডের বিভিন্ন মোড়ে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে। এর জেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকেরা।

শুধু বাস নয়, শহরের বিভিন্ন এলাকায় টোটো, অটো ও অন্যান্য ছোট গাড়িও নির্দিষ্ট স্থান ছাড়াই যাত্রী ওঠানো-নামা করছে। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলেও বাড়ছে যানজটের সমস্যা।

এই পরিস্থিতিতে শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। সেবক মোড়ে সম্ভাব্য বাস স্টপেজ তৈরির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন এসিপি সুবীর দত্ত-সহ শিলিগুড়ি ট্রাফিক পুলিশের আধিকারিকরা ও এসডিও দফতরের প্রশাসনিক আধিকারিকরা।

কোথায় বাস দাঁড়াবে, কোথায় যাত্রী ওঠানো-নামানো হবে সহ কীভাবে পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায়, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা।

প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেবক মোড় সংলগ্ন এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরবে ও যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here