হায়দরাবাদ যাওয়ার পথে এনজেপি স্টেশনে আটক বাংলাদেশি মহিলা, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তদন্তে জিআরপি!

শিলিগুড়ি: অবৈধভাবে ভারতে প্রবেশ করে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশন থেকে আটক হলেন এক বাংলাদেশি মহিলা।

জিআরপির যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এনজেপি স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম ওদেরা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর।

বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে ডাউন চেরালাপল্লি এক্সপ্রেসের জেনারেল কামরায় চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।

আগে থেকেই ওই মহিলার গতিবিধি ও পরিচয় সম্পর্কে তথ্য ছিল তদন্তকারী আধিকারিকদের কাছে।

সেই সূত্র ধরেই বৃহস্পতিবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই তল্লাশি অভিযান চালান শিলিগুড়ি জিআরপির এসওজি টিম ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশকর্মীরা। এরপর ট্রেনের জেনারেল কামরা থেকে তাঁকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গত ১৭ নভেম্বর সিলেট- মেঘালয় সীমান্তবর্তী রুট ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর গুয়াহাটি থেকে ট্রেনে চেপে হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

কী উদ্দেশ্যে তিনি ভারতে প্রবেশ করেছিলেন ও হায়দরাবাদে যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ধৃত মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর ভারতে প্রবেশের পথ, যাতায়াতের পরিকল্পনা সহ এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় রেলপথে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here