অসময়ের প্রবল বৃষ্টিতে জলের তলায় পাকা ধান! মাথায় হাত কৃষকদের!

কেশপুর: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, গড়বেতা ও শালবনীর ধান চাষিরা। মাঠে পাকা ধান কাটার মরশুমে টানা বৃষ্টির জেরে জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকার ধানজমি। ফলে মাথায় হাত কৃষকদের।

সারা বছর ধরে পরিশ্রম করে ধান ফলানোর পর এখন সেই ফসল ঘরে তোলার সময়। অনেক কৃষক ইতিমধ্যেই ধান কেটে মাঠে রেখেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকায় ব্যাপক সমস্যায় পড়েছেন তাঁরা। প্রবল বৃষ্টিতে জমিতে জল জমে পাকা ধান ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। কোথাও কোথাও জমিতে জমে থাকা জল বের করার জন্য জমির আল কেটে দেওয়া হচ্ছে। তবুও বৃষ্টির জেরে ফসলের ক্ষতির আশঙ্কা কাটছে না।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এই পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেলে সারা বছর সংসার চালানো কঠিন হয়ে পড়বে। ফসলের ক্ষতির পাশাপাশি আগামী দিনের চাষাবাদ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

শুধু ধান চাষই নয়, অসময়ের প্রবল বৃষ্টির কারণে রবি আলু চাষও বেশ কয়েক দিন পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার কৃষকদের কপালে এখন চিন্তার ভাঁজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here