প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ; রাজ্যে প্রথম রায়গঞ্জের অভিরূপ
কলকাতা: প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৮, যা শতকরা হিসেবে ৯৯.৭১ শতাংশ। দশম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৯৮.২১ শতাংশ।
২০২৬ সালের মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮।
দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির (হাই স্কুল)-এর ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬।
তৃতীয় স্থানে রয়েছে তিন জন পরীক্ষার্থী। তারা হল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির (হাই স্কুল)-এর অঙ্কনকুমার জানা ও বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল। তিন জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৫।
এ বারের মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা।
দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী রেজিস্টার্ড ছিলেন। এর মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন।
অন্যান্য বছরের মতো এ বারেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল।
রাজ্যের মোট ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৫২ হাজার ৩৮২ জন শিক্ষক উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে ছিলেন।
শুক্রবার সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবে।













































