শিলিগুড়ি: বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে চিকিৎসা পরিষেবার মান, পরিকাঠামো সহ রোগীদের কাছ থেকে নেওয়া বিল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে শিলিগুড়ির বিভিন্ন নার্সিংহোমে পরিদর্শন চালাল রাজ্য স্বাস্থ্য কমিশন।
শনিবার কমিশনের প্রতিনিধিদের এই পরিদর্শন ঘিরে সংশ্লিষ্ট নার্সিংহোমগুলিতে তৎপরতা দেখা যায়।
পরিদর্শনের সময় নার্সিংহোমগুলির চিকিৎসা পরিষেবার পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় নথিপত্র, রোগীদের চিকিৎসা সংক্রান্ত রেকর্ড ও বিভিন্ন পরিষেবার জন্য নেওয়া খরচের বিষয়গুলি খতিয়ে দেখা হয় বলে জানা গিয়েছে।
পাশাপাশি রোগী ও তাঁদের পরিবারের কাছ থেকে কোনও অভিযোগ রয়েছে কি না, সেই বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য কমিশনের এই পদক্ষেপের মূল লক্ষ্য, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত নিয়ম মেনে পরিষেবা দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করা।
চিকিৎসায় গাফিলতি, অতিরিক্ত বিল, রোগীর পরিজনদের অভিযোগ কিংবা প্রয়োজনীয় পরিকাঠামোর ঘাটতির মতো বিষয়গুলিও কমিশনের নজরে রয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে পর্যায়ক্রমে এই ধরনের পরিদর্শন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে শিলিগুড়ির একাধিক নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের প্রতিনিধিদের উপস্থিতি বলে জানা গিয়েছে।
তবে এদিনের পরিদর্শনে কোনও নির্দিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে কী ধরনের অনিয়মের অভিযোগ বা প্রমাণ মিলেছে, সে বিষয়ে কমিশনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পরিদর্শনের রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ করা হতে পারে বলে সূত্রের খবর।















































