করোনাভাইরাসের অনুকরণে ১৫ হাজার টাকার কেক বানিয়ে তাক লাগিয়েছে জলপাইগুড়ির এক কেক ব্যবসায়ী!
বড়দিনের কেকের মাধ্যমেই করোনাকে বিদায় জানানোর উদ্যোগ নিল জলপাইগুড়ির একটি কেক প্রস্তুতকারক সংস্থা।
জানা গিয়েছে, প্রায় ৪৫ পাউন্ড ওজনের এই কেকের আকৃৃৃতি তৈরি করা হয়েছে করোনা ভাইরাসের অনুকরণে। অভিনব এই কেকের দাম ধার্য করা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। জলপাইগুড়ির লর্ডস নামে একটি কেক প্রস্তুতকারক সংস্থার তৈরি এই কেক এবার বড়দিনের সেরা আকর্ষণ হয়ে উঠেছে।এদিন জলপাইগুড়িতে নিলামে তোলা হবে এই কেক। পেল্লাই সাইজের এই কেক দেখার জন্য রীতিমত ভিড় পড়ে গেছে। জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় অবস্থিত কেক প্রস্তুতকারী সংস্থা লর্ডস-এ।
প্রসঙ্ত,প্রতি বছরই বড়দিনের সময় বিভিন্ন রকমের কেক বানিয়ে চমক দেয় এই সংস্থা। যেমন চন্দ্রযান ২, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের অনুকরণে কেক বানিয়ে শহরবাসীকে মুগ্ধ করেছিলেন লর্ডসের কর্মীরা। এবার তাদের বিশেষ চমক বাই বাই করোনা। ইতিমধ্যেই এই কেক দেখার জন্য উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেকের সঙ্গে সেলফিও তুলছেন অনেকে। বুধবার জনসমক্ষে নিয়ে আসা হয়েছে বিশালাকার এই কেকটি। প্রায় ৪৫ পাউণ্ড ওজনের এই কেক নিলামে কেনার জন্য উদ্যোগী অনেকেই।











































