ভোটের আগেই মাস্টারস্ট্রোক মমতার। তৃণমূলে যোগ দিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি।
জানা গিয়েছে, আগামীকাল হুগলির সাহাগঞ্জে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সেই সভা থেকেই শাসকদলে যোগ দিতে পারেন প্রাক্তন বাংলা অধিনায়ক। ক্রিকেটারের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক ফুটবলারও যোগ দিতে পারেন তৃণমূলে। উত্তরপাড়ার বাসিন্দা লাল–হলুদের প্রাক্তন ফুটবলার সৌমিক দে–কে নিয়েও শুরু হয়েছে জল্পনা। কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রীপদ ছেড়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
সূত্রের খবর, মনোজকে যোগদান করিয়ে এবার চমক দিতে চাইছে রাজ্যের শাসকদল। বাংলার প্রাক্তন অধিনায়ক নাকি নিজেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, শীঘ্রই রাজনীতিতে প্রবেশ করতে পারেন তিনি। যদিও, সরকারিভাবে মনোজের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বুধবার হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনসভা করার কথা, সেই জনসভাতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন মনোজ। বাংলার এই ক্রিকেটার এখনও ক্রিকেট থেকে অবসর না নিলেও এই মুহূর্তে চোটের জন্য বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলছেন না। শোনা যাচ্ছে, হুগলির কোনও একটি কেন্দ্র থেকে মনোজকে ভোটে দাঁড় করানোর ব্যাপারেও মনস্থির করে ফেলেছে শাসকদল। সেক্ষেত্রে নির্বাচিত হয়ে আসার পর ক্রিকেট ছাড়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন একসময় জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।
মনোজের পাশাপাশি ইস্টবেঙ্গলে খেলে যাওয়া সৌমিক দে’ও আগামীকাল মমতার সভা থেকেই তৃণমূলে যোগ দিতে পারেন।
দেশের হয়ে ১২ টি একদিনের ম্যাচ ও ৩ টি আন্তর্জাতিক টি–২০ খেলেছেন মনোজ। একদিনের ক্রিকেটে রয়েছে একটি শতরান ও অর্ধশতরানও। পাঁচটি উইকেটও নিয়েছেন। ২০১২ টি–২০ বিশ্বকাপে তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন। বাংলার হয়ে রনজি সহ অজস্র ম্যাচ খেলা ছাড়াও আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে। ২০১২ সালে কলকাতার প্রথমবার আইপিএল জয়ে উইনিং স্ট্রোক এসেছিল মনোজের ব্যাট থেকেই।
এদিকে, মনোজ তিওয়ারির তৃণমূলে যোগদান নিয়ে জল্পনার মধ্যেই আরেক প্রাক্তন বাংলা ক্রিকেটার অশোক দিন্দার রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা ছড়িয়েছে। যদিও, অশোক দিন্দা তৃণমূলে যোগ দিচ্ছেন না। তিনি যোগ দিতে পারেন বিজেপিতে।














































