বাগডোগরা: উত্তরবঙ্গ সফরে এসে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন তেজস্বী সূর্য বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি।
এদিন বিমানবন্দরে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী সূর্য বলেন, মহিলাদের জন্য পাশ হওয়া সংরক্ষণ বিল ভবিষ্যতে দেশের বহু মহিলাকে শক্তিশালী করবে। পাশাপাশি তিনি বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে দাবি করেন, রাজ্যের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।
তিনি আরও বলেন, বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির পক্ষে জোয়ার লক্ষ্য করা যাচ্ছে ও যুব সমাজ পরিবর্তনের পক্ষে সরব।
তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনে বাংলার যুবসমাজকে পড়াশোনা ও কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। রাজ্যে শিল্প-বাণিজ্যের অভাব রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়াও তিনি আসাদউদ্দিন ওয়েসী ও তৃণমূল কংগ্রেসকে একসঙ্গে নিশানা করে বলেন, উভয়েই একই ধরনের রাজনীতি করছে ও অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে।
তাঁর দাবি, একমাত্র বিজেপিই অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।












































