শিলিগুড়িতে ইগনুর ৩৯তম সমাবর্তন, ২,২৪৭ পড়ুয়ার হাতে ডিগ্রি – শিক্ষার ভরসা বাড়ছে মুক্ত বিশ্ববিদ্যালয়ে!

শিলিগুড়িতে ইগনুর ৩৯তম সমাবর্তন, ২,২৪৭ পড়ুয়ার হাতে ডিগ্রি – শিক্ষার ভরসা বাড়ছে মুক্ত বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি: সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার আলো পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)।

এদিন এই বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সমাবর্তন অনুষ্ঠান সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও অনুষ্ঠিত হল।

নতুন দিল্লির ময়দানে মূল ক্যাম্পাস থেকে অনুষ্ঠানের সূচনা হয়।

সেখানে উপস্থিত ছিলেন সি.পি. রাধাকৃষ্ণন সহ তরনজিৎ সিং সাঁধু।

তাঁদের বক্তব্যের পর দেশজুড়ে প্রায় ৫১টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে সমাবর্তন শুরু হয়।

শিলিগুড়ির রিজিওনাল সেন্টারেও যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক দেবব্রত বসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২,২৪৭ জন পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেন।

এর মধ্যে ১৫১ জন সশরীরে উপস্থিত ছিলেন। মাস্টার্স ও ব্যাচেলর ডিগ্রি প্রাপ্তদের সম্মানের সঙ্গে সার্টিফিকেট প্রদান করা হয়।

শিলিগুড়ির সেলসিয়ান কলেজ-এর মারেঙ্গো হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আঞ্চলিক সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বরিষ্ঠ আঞ্চলিক অধিকর্তা ড. বিশ্বজিৎ ভৌমিক জানান, সকল পড়ুয়াই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ও তাঁদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়েছে যা অত্যন্ত গর্বের বিষয়।

উল্লেখযোগ্যভাবে, ইগনু ধীরে ধীরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আস্থার জায়গা হয়ে উঠছে। যারা নানা কারণে প্রচলিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের জন্য এই মুক্ত বিশ্ববিদ্যালয় নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

এখানে বয়স বা সময় কোনো বাধা নয় শিক্ষার দরজা সবার জন্য সবসময় খোলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here