শিলিগুড়ি: ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করল আরপিএফ।
তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে এনজেপি স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে চারজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ও ট্রেনে করে পাঞ্জাবের দিকে যাওয়ার চেষ্টা করছে।
সেই খবরের ভিত্তিতে আরপিএফ পোস্টের ইন্সপেক্টর মুকেশ কুমার রাজাকের নেতৃত্বে একটি দল এনজেপি জিআরপিকে সঙ্গে নিয়ে অভিযান চালায়।
ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সাধারণ কামরায় তল্লাশি চালানোর সময় চারজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের পরিচয় ও ভারতে প্রবেশের বিষয়টি নিয়ে অসঙ্গতি ধরা পড়ে বলে দাবি আরপিএফের।
এরপর তাঁদের আরপিএফ পোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ও পরে জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
আরপিএফ সূত্রে ধৃতদের নাম মোহাম্মদ সালাম (২৬), মোহাম্মদ সুফায়েদ (১৮), মোফিজুর রহমান (১৭) ও জয়নুব বিবি (১৭) বলে জানা গিয়েছে।
সূত্রের দাবি, তাঁদের সঙ্গে মায়ানমারের ঠিকানার নথিও পাওয়া গিয়েছে।
তবে তাঁরা কীভাবে ও কখন সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছিলো ও সেখান থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ট্রেনে পাঞ্জাব যাওয়ার চেষ্টা করছিল বলে তদন্তকারীদের দাবি।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে এনজেপি জিআরপি।
তাঁদের সঙ্গে কোনও পাচারচক্র বা অন্য কোনও চক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।












































