বিজেপির সাংবাদিক বৈঠক: ‘জঙ্গল রাজ’ ইস্যুতে সরব শিখা, পাল্টা ক*টাক্ষে শঙ্কর ঘোষ!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির বর্ধমান রোডে বিজেপি মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও ডাবগ্রাম- ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী শিখা চ্যাটার্জি।

এদিন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে উন্নয়ন একাধিক ইস্যুতে সরব হন দুই প্রার্থী।

ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী শিখা চ্যাটার্জি অভিযোগ করেন, রাজ্যে ‘জঙ্গল রাজ’ কায়েম হয়েছে ও এই পরিস্থিতির পরিবর্তন জরুরি।

তাঁর দাবি, এলাকায় মদের আসর ও দোকান ক্রমশ বাড়ছে, অথচ উন্নয়নের তেমন কোনো চিহ্ন নেই। এই অবস্থার পরিবর্তনের জন্য সাধারণ মানুষকে বিজেপির ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

অন্যদিকে শিলিগুড়ির প্রার্থী শঙ্কর ঘোষ একাধিক রাজনৈতিক ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেন।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে প্রচারে এসে জয়ী হলে শহরের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন।

সেই প্রসঙ্গে শঙ্করের প্রশ্ন, তাহলে কি গৌতম দেব নিজে দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট নন?

নিজের হাত ভাঙা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও জবাব দেন শঙ্কর ঘোষ।

তিনি বলেন, ভোটের আগে ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করতে চান না তিনি।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে অতীতে যেভাবে রাজনীতি হয়েছে, সেই পথে তিনি হাঁটবেন না বলেও মন্তব্য করেন।

দিল্লি ও কলকাতায় তাঁর যাতায়াত নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে গিয়ে শঙ্কর ঘোষ দাবি করেন, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থেই বিভিন্ন দপ্তরে যেতে হয় তাঁকে।

তিনি আরও বলেন, এই সফর কোনো ব্যক্তিগত বা ‘বিদেশ ভ্রমণ’-এর জন্য নয়, বরং সম্পূর্ণ কাজের স্বার্থেই।

সামগ্রিকভাবে, নির্বাচনের আগে রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here