উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম যাত্রা’, শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান ইস্যুতে সরব যুবরা!

শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ১০০% ভোটদানের আহ্বান জানিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হলো ‘বন্দে মাতরম যাত্রা’।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-এর দুই নম্বর গেট থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন যুব সংগঠনের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিদ্যার্থী পরিষদ অনুমোদিত রাষ্ট্রবাদী যুব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মূলত রাজ্যের শিক্ষাব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিস্থিতি ও কর্মসংস্থানের অভাবের মতো একাধিক ইস্যু তুলে ধরা হয়।

অংশগ্রহণকারীদের দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক শূন্যতা ও দুর্নীতির অভিযোগে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে সৌগত দাস জানান, রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতির পরিবর্তনের দাবি তুলে নির্বাচনে সচেতনভাবে ভোটদানের আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে অংশগ্রহণকারীরা শেষ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন।

ভোটের আগে এই কর্মসূচি ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক আবহ আরও চাঙ্গা হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here