পোস্টার ছেঁড়া ও অশান্তির অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ গৌতম দেব

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে একাধিক অভিযোগ জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।

মঙ্গলবার সন্ধ্যায় মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন তিনি।

এসময় সেখানে মহকুমা শাসক -সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

গৌতম দেবের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় লাগানো দলীয় পোস্টার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে।

এই ঘটনায় বিরোধী পক্ষের বিরুদ্ধে সরব হয়ে তিনি প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের কাজ করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি গুরুতর অভিযোগ তুলে গৌতম দেব দাবি করেন, বাইরে থেকে লোক এনে শিলিগুড়িতে অশান্তি তৈরির চেষ্টা চলছে।

তাঁর বক্তব্য, এই ধরনের কার্যকলাপ গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে।

এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে তিনি আবেদন জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হোক ও যাতে বাইরে থেকে কোনও বহিরাগত শহরে ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে কড়া নজরদারি করা হোক।

গৌতম দেব সরাসরি বিজেপি ও তাদের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে।

এদিন লিখিতভাবে অভিযোগ জানিয়ে দ্রুত পদক্ষেপের দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here