সাইবার জাল ভা*ঙল পুলিশের অভিযান, ৮ গ্রে*ফতার – উদ্ধার বহু এটিএম কার্ড ও নথি!

সাইবার জাল ভাঙল পুলিশের অভিযান, ৮ গ্রেফতার – উদ্ধার বহু এটিএম কার্ড ও নথি

শিলিগুড়ি: শিলিগুড়িতে বড়সড় সাফল্য পেল পুলিশ। সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।

প্রধাননগর থানার উদ্যোগে আইসি বসুদেব সরকারের নেতৃত্বে নিবেদিতা রোড এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সামগ্রী ৫৩টি এটিএম কার্ড, ১৮টি পাসবুক, ৮টি চেকবই, ১০টি মোবাইল ফোন, ৭টি প্যান কার্ড, ৪টি ভোটার কার্ড, ৮টি আধার কার্ড, একটি রাউটার, ২টি কিউআর কোড স্ক্যানার সহ নগদ ৫৫০০ টাকা।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃতরা একটি সংগঠিত সাইবার প্রতারণা চক্রের সদস্য।

তারা অনলাইন পোর্টাল বা ভুয়ো অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলত।

ভুক্তভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে সেই তথ্য ব্যবহার করে টাকা আত্মসাৎ করা হতো।

লেনদেন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্ট দ্রুত বন্ধ করে দেওয়া হতো বলে অভিযোগ।

পুলিশের অনুমান, এই চক্রের পেছনে আরও বড় কোনও নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

ধৃতদের মধ্যে রাকেশ মজুমদার (৩০) ও রাজকুমার চৌধুরী (২৬)-কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

রবিবার প্রধাননগর থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

উপস্থিত ছিলেন থানার আইসি বসুদেব সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। অপরিচিত লিঙ্ক, ভুয়ো অ্যাপ বা লোভনীয় অফারের ফাঁদে না পড়ে সচেতনভাবে অনলাইন লেনদেন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে ও পুরো চক্রের মূল হোতাকে ধরতে তদন্ত জোরদার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here