চোপড়া: ভোটের মুখে চোপড়ায় তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়ার ঘটনাকে ঘিরে।
সোমবার সকালে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত ও সংলগ্ন ভৈষপিটা এলাকায় রাস্তার ধারে লাগানো একাধিক তৃণমূলের ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা।
এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল শিবির।
তৃণমূল নেতৃত্বের দাবি, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মাঝিয়ালি অঞ্চল তৃণমূল সভাপতি আকবর আলি ও নির্বাচনী কনভেনার একরামুল হক অভিযোগ করে বলেন, বিজেপি জনসমর্থন হারিয়ে এখন ভয় পেয়ে এই ধরনের নাশকতামূলক কাজ করছে।
“এই ধরনের কাজ গণতন্ত্রের পরিপন্থী। এ ঘটনার তীব্র নিন্দা জানান।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শংকর অধিকারী পাল্টা দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।
“তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিজেপির উপর দোষ চাপাচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই।”
ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি।
ফলে চোপড়ার রাজনৈতিক আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।















































