শিলিগুড়ি: কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উৎসবের আবহ শিলিগুড়ির মা উগ্র তারা মন্দিরে।
পবিত্র তিথি উপলক্ষে বিশেষ সাজসজ্জায় সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। ভোর থেকেই পুজো দিতে মন্দিরে ভক্তদের ঢল নামে।
শিলিগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী বিহার ও সিকিম থেকেও বহু ভক্ত মন্দিরে এসে উপস্থিত হন।
তিথি মেনে বিশেষ পুজো-অর্চনা, যজ্ঞ-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মা তারার কাছে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা পূরণের প্রার্থনা জানান ভক্তরা।
এদিন মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতিকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। দিনভর চলে পুজো-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান। ভিড় সামলানো ও নিরাপত্তার জন্য মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি প্রশাসনের তরফেও নজরদারি করা হয়।
তবে এবারের কৌশিকী অমাবস্যায় ভক্তদের প্রার্থনায় উঠে আসে বর্তমান প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গও।
বিভিন্ন এলাকায় প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা ও দুর্যোগ দ্রুত শান্ত হওয়ার জন্য মা উগ্র তারার কাছে বিশেষ প্রার্থনা জানান বহু ভক্ত।















































