শিলিগুড়ি: আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা – আবারও রক্তাক্ত হল শিলিগুড়ি।
উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চুরির সন্দেহে গণপিটুনির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও এক জন।
স্থানীয় সূত্রে খবর, রাতে এলাকায় গরু চোরের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার সকালে দুই অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, এরপরই উত্তেজিত জনতা তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পুলিশ।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে।
অপরজনের অবস্থা সংকটজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দুই ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যদিও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ফলে তারা আদৌ চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে ঘিরে ফের একবার সামনে এসেছে জনতার বিচারের বিপজ্জনক প্রবণতা।
পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।











































