শিলিগুড়ি: শিলিগুড়ির ২৮ নম্বর ওয়ার্ডে নেশা মুক্ত সমাজ গড়ার দাবিতে সচেতনতামূলক মিছিলের পর দুষ্কৃতী হামলায় আহত হন দুই বিজেপি কর্মী।
আহত কর্মীদের দেখতে এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে যান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।
কলকাতা থেকে শিলিগুড়ি ফিরে সরাসরি হাসপাতালে পৌঁছে আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
জানা গিয়েছে, হামলায় আহত দুই বিজেপি কর্মীর মাথা ও শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, ঘটনার খবর পেয়েই তিনি গতকাল আহতদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এদিন থেকেই শিলিগুড়ি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।
শঙ্কর ঘোষ বলেন, “নেশা মুক্ত সমাজ গড়তে কোনওরকম জিরানি বা বাধা সহ্য করা যাবে না।”
একইসঙ্গে তিনি অতীতের সরকারের সমালোচনা করে বলেন, “একসময় শহর নরকে পরিণত হয়েছিল। এখনও যারা সেই পরিবেশ বজায় রাখতে চান, তাদের বদলে যাওয়ার সময় এসেছে।”
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।












































