ভোটের ময়দানে হার, ক্ষোভে বিস্ফোরক পোস্ট স্বপ্না বর্মনের
“আগে জানলে আসতাম না”, ফেসবুকে আক্ষেপ সোনাজয়ী অ্যাথলিটের
জলপাইগুড়ি: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন ভারতের সোনাজয়ী অ্যাথলিট তথা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন।
রেলের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বাংলার এই কৃতী খেলোয়াড়।
তবে ভোটের লড়াইয়ে ভাগ্য সহায় হয়নি তাঁর।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভাল ব্যবধানে পরাজিত হতে হয় স্বপ্নাকে।
নির্বাচনের ফল প্রকাশের প্রায় ১১ দিন পর এদিন ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন তিনি।
সেখানে স্বপ্না লেখেন, “আগে যদি জানতাম, এমনটা হবে তাহলে আসতাম না।”
তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
একই সঙ্গে স্বপ্না অভিযোগ করেন, তাঁর বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
যদিও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জে স্বপ্নার পুরনো টিনের বাড়ির সামনে মজুত করে রাখা জ্বালানি কাঠে আচমকাই আগুন ধরে যায়।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির খবর না মিললেও, ভোটের ফলের পর স্বপ্না বর্মনের এই বিস্ফোরক পোস্ট ও অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।











































