কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, শিলিগুড়িতে বড়সড় মাদক চক্রের হদিশ পুলিশের!

শিলিগুড়ি: রাজ্যে মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ।

শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকা থেকে প্রায় দেড় কিলোরও বেশি ব্রাউন সুগার উদ্ধার করে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে মনে করা হয়েছে।

ধৃত মহম্মদ সাগির (৫০) ও মিজানুর রহমান (২২)।

পুলিশ সূত্রে খবর, মহম্মদ সাগির নকশালবাড়ির বাসিন্দা ও মিজানুর রহমান মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে অনুমান, উত্তরবঙ্গকে করিডর হিসেবে ব্যবহার করেই বড় মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে গোপন সূত্রে খবর পেয়ে পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ।

সেই সময় মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল দুই ব্যক্তি।

তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।

এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার।

পুলিশের অনুমান, রাতের অন্ধকারে মাদক হাতবদলের পরিকল্পনা ছিল পাচারকারীদের।

তবে তার আগেই অভিযান চালিয়ে পুরো পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

এই ঘটনার পিছনে আরও বড় কোনও মাদক চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।

পাশাপাশি উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়েও শুরু হয়েছে বিস্তারিত তদন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here