অবশেষে রাজ্যে চালু হচ্ছে সপ্তম পে কমিশন, নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মিলল অনুমোদন
কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর।
অবশেষে রাজ্যে চালু হতে চলেছে সপ্তম পে কমিশন।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
নির্বাচনী প্রচারেও একাধিকবার এই প্রসঙ্গ তুলে ধরেছিলেন বিজেপি নেতৃত্ব।
সরকার গঠনের পর থেকেই কর্মীদের একাংশ এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।
অবশেষে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দেড় সপ্তাহের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।”
তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছে মন্ত্রিসভা।
সরকারি কর্মীদের একাংশের মতে, সপ্তম পে কমিশন কার্যকর হলে কর্মীদের বেসিক বেতনে একলাফে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল।
সেই সময় ন্যূনতম বেসিক পে ১৮ হাজার টাকা ও সর্বোচ্চ বেসিক পে ২.৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।
যদিও বকেয়া ডিএ নিয়ে সরকার এদিন কোনও ঘোষণা না করায় কিছুটা হতাশ কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা।
তবে তাদের আশা, সরকার ভবিষ্যতে এই বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেবে।














































