ধর্মভিত্তিক সরকারি প্রকল্পে বড়সড় ছাঁটাই, ১ জুন থেকে বন্ধ একাধিক সুবিধা!

কলকাতা: নবান্নের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে বিস্ফোরক ঘোষণা অগ্নিমিত্রা পালের, ‘তুষ্টিকরণ রাজনীতি’ বন্ধের বার্তা সরকারের।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক রাজ্যের প্রশাসনিক মহলে ব্যাপক তাৎপর্য তৈরি করেছে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুর, নগরোন্নয়ন – নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, রাজ্যে ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে দেওয়া সমস্ত সরকারি সুযোগ- সুবিধা ও সহায়তামূলক প্রকল্প এবার বন্ধ করতে চলেছে সরকার।

তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দফতর সহ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে পরিচালিত যেসব প্রকল্প ধর্মীয় ভিত্তিতে সুবিধা প্রদান করত, সেগুলি চলতি মাস পর্যন্ত কার্যকর থাকবে।

আগামী ১ জুন থেকে সেই সমস্ত প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপির ঘোষিত ‘তুষ্টিকরণ মুক্ত সুশাসন’ নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত কার্যকর করতে উদ্যোগী হয়েছে নতুন সরকার।

ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

এদিনের উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

প্রশাসনিক রূপরেখা নির্ধারণে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালও।

সব মিলিয়ে, সোমবারের নবান্ন বৈঠকে একদিকে যেমন কড়া প্রশাসনিক সংস্কারের ইঙ্গিত মিলেছে, তেমনই অন্যদিকে জনমুখী একাধিক সিদ্ধান্তেরও ইঙ্গিত দিয়েছে নতুন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here