জমি বিবাদে রণক্ষেত্র চোপড়া, ধারালো অস্ত্রের সংঘর্ষে জখম অন্তত ১০!

চোপড়া: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে চোপড়ার কালীগঞ্জ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল।

শুক্রবার সকালে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ জালাল ও ধনবর আলীর মধ্যে প্রায় ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আহত এক যুবকের দাবি, ২০১২ সাল থেকেই ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে।

মোহাম্মদ জালালের পরিবারের অভিযোগ, তৎকালীন শাসকদলের প্রভাব খাটিয়ে বিতর্কিত জমিটি ধনবর আলীর দখলে দেওয়া হয়েছিল।

অভিযোগ, শুক্রবার সকালে বিবাদমান জমিতে এক পক্ষ সীমানা নির্ধারণের জন্য বেড়া দিতে গেলে অন্য পক্ষ বাধা দেয়।

তা নিয়ে প্রথমে বচসা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অভিযোগ, উভয় পক্ষই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

পরে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

প্রকাশ্য দিবালোকে এই সংঘর্ষের ঘটনায় কালীগঞ্জ বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here