ইসলামপুর: ইসলামপুরে শুরু হলো বুলডোজার অ্যাকশন।
সোমবার ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানপাট জেসিবি মেশিনের সাহায্যে ভেঙে ফেলা হয়।
প্রশাসন ও রেল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে রেলের জমি দখল করে বিভিন্ন দোকান গড়ে উঠেছিল।
অভিযোগ ছিল, ওইসব দোকানে অবৈধভাবে মদ ও বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী বিক্রি করা হতো।
বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ উঠলেও এদিন প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
রেল সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় দেশের বিভিন্ন রেলস্টেশনের আধুনিকীকরণ ও উন্নয়নের কাজ চলছে।
সেই কারণে রেলের জমিতে থাকা সমস্ত জবরদখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে সোমবার ইসলামপুর আলুয়াবাড়ি রোড জংশন স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন এলাকায় নিরাপত্তা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বহু সাধারণ মানুষ।
তাঁদের মতে, স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ কার্যকলাপ বন্ধ করতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে ভবিষ্যতেও জবরদখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।















































