ইসলামপুর: যুব সমাজকে অবৈধ নেশার কবল থেকে রক্ষা করতে সরব হল বিজেপির মহিলা মোর্চা।
মঙ্গলবার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ইসলামপুর থানায় ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
মহিলা মোর্চার সদস্যদের অভিযোগ, এলাকায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ নেশার দাপট।
এর ফলে যুব সমাজ বিপথে চালিত হচ্ছে ও বহু পরিবার ক্ষতির মুখে পড়ছে।
তারা দাবি করেন, অবিলম্বে এই অবৈধ নেশা ব্যবসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
এদিন স্মারকলিপি জমা দিয়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়। পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও একই দাবি জানিয়েও স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।












































