শিলিগুড়িতে লাগাতার চুরিতে আতঙ্ক, এক রাতে চার দোকানে চুরি; তদন্তে পুলিশ!

শিলিগুড়ি: শিলিগুড়িতে একের পর এক চুরি ও গরু চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে।

সম্প্রতি হায়দারপাড়া ও মাটিগাড়া এলাকায় রাস্তা থেকে গরু পিকআপ ও চার চাকার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এবার ঘোগোমালি বাজারে এক রাতে পরপর চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর আউটপোস্ট এলাকার ঘোগোমালি এম বাজারের উল্টোদিকে গভীর রাতে একটি হার্ডওয়্যারের দোকান, একটি ঘড়ির দোকান, একটি টেইলারের দোকান ও একটি গ্যারেজের তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি চালায়।

দোকানগুলি থেকে নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা।

সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর আউটপোস্টের পুলিশ।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে যে চুরির সময় দোকানগুলির সামনে একটি চার চাকার গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল।

ওই গাড়ির পরিচয় ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের কুন্ডু পুকুর মাঠ সংলগ্ন একটি মুদিখানার দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছিল।

সেই ঘটনার এখনও কোনও কিনারা না হতেই ফের একাধিক দোকানে চুরি হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় এই ধরনের অপরাধ বাড়ছে।

তাঁদের দাবি, পুলিশ প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করুক ও এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করা হোক।

অন্যদিকে, ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট সূত্রে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে ও খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে পুলিশের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here