শিলিগুড়ি: শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে সাফল্য, শনিবার আদালতে তোলা হবে ধৃতদের।
শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের ইনডোর স্টেডিয়াম সংলগ্ন গৌরীয় মঠে আশ্রমের মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া প্রায় ৪০টি গোপাল ঠাকুরের মূর্তি সহ তামা ও পিতলের বিভিন্ন বাসনপত্র উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, গত ২১ মে ভোরবেলায় মন্দির থেকে একাধিক গোপাল ঠাকুরের মূর্তি ও মূল্যবান তামা- পিতলের সামগ্রী চুরি যায়।
ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ।
বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে তদন্ত চালিয়ে পুলিশ প্রথমে প্রসেনজিৎ সরকার (২৬)-এর খোঁজ পায়। তার বাড়ি দক্ষিণ শান্তিনগর এলাকায় বলে জানা গেছে।
প্রসেনজিৎকে গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, চুরি হওয়া সামগ্রী রিসিভ করার সঙ্গে যুক্ত রয়েছে দিলীপ সরকার (৫৪) ও পিয়াল সরকার (১৯)।
অভিযুক্ত বাবা-ছেলের বাড়ি ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন এলাকায়।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে চুরি হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শনিবার তিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, পিয়াল সরকারকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আরও চুরি যাওয়া সামগ্রীর হদিশ মিলতে পারে।











































