শিলিগুড়ি: রেলের জমি চিহ্নিতকরণ ও দাগ কাটাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক-এফ এলাকায়।
সম্ভাব্য উচ্ছেদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বহু পরিবার।
শুক্রবার রেলের আধিকারিকদের হঠাৎ এলাকায় এসে জমি পরিদর্শন ও মাপজোক করার পর থেকেই বাসিন্দাদের মধ্যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেলের তরফে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে।
সেই কারণেই দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা জমি চিহ্নিত করে রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকার কাছেও জমিতে দাগ কেটে চিহ্নিত করা হয়।
তবে এই পদক্ষেপের পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, পুনর্বাসনের বিষয়ে কোনও স্পষ্ট আশ্বাস না দিয়েই উচ্ছেদের প্রস্তুতি শুরু করা হচ্ছে।
বহু বছর ধরে বসবাসকারী পরিবারগুলির মাথার উপর অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে বলে দাবি তাঁদের।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় পৌঁছন বিধায়িকা শিখা চ্যাটার্জি।
তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ও তাঁদের আশ্বস্ত করেন।
বিধায়িকা জানান, উন্নয়নের কাজ অবশ্যই প্রয়োজন, তবে সাধারণ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনওভাবেই উচ্ছেদ করা উচিত নয়।
বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁরা উন্নয়নের বিরোধী নন। কিন্তু পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া এলাকা ছাড়বেন না।
তাঁদের দাবি, আগে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তারপরই উন্নয়নের কাজ এগোতে পারে।
ঘটনার জেরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এখন সকলের নজর রেল ও প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।











































