বর্ধমান রোডে ফুটপাত দখলমুক্ত অভিযান, স্বস্তিতে পথচারীরা!

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের যানজট নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে শনিবার বর্ধমান রোড এলাকায় বিশেষ দখলমুক্ত অভিযান চালাল জলপাই মোড় ট্রাফিক গার্ড।

ট্রাফিক পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান, অবৈধ স্টল ও বিভিন্ন সামগ্রী সরিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালীন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী ও হকারদের স্পষ্টভাবে জানানো হয়, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য নির্দিষ্ট।

তাই ভবিষ্যতে কোনওভাবেই ফুটপাত দখল করে ব্যবসা চালাতে দেওয়া হবে না।

পাশাপাশি সকলকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আবেদনও জানানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্ধমান রোডের একাধিক অংশে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের বাধ্য হয়ে মূল রাস্তায় নেমে চলাচল করতে হচ্ছিল।

এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল ও যানজটও তীব্র আকার নিচ্ছিল।

পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

জলপাই মোড় ট্রাফিক গার্ডের কর্তারা জানিয়েছেন, শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও আগামী দিনে একই ধরনের অভিযান চালানো হবে।

পাশাপাশি শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও হকারদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here