শিলিগুড়ি: শহরের কোলাহল থেকে খানিকটা দূরে, সবুজে ঘেরা মনোরম পরিবেশে এক অন্যরকম উদ্যোগ নিল আনন্দলোক হেরিটেজ স্কুল। খুদেদের জন্য আয়োজন করা হলো বিশেষ ‘সামার কার্নিভাল’।
শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন প্রায় ৯০ একর বিস্তীর্ণ জায়গাজুড়ে গড়ে ওঠা এই শিক্ষাপ্রতিষ্ঠান যেন প্রকৃতির মাঝেই এক টুকরো ইউরোপীয় পরিবেশ। চারদিকে সবুজের সমারোহ, আধুনিক পরিকাঠামো আর খোলামেলা পরিবেশে এদিন মুখর হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।
পাশ্চাত্য দেশ ও পূর্ব এশিয়ার সামার ক্যাম্পের ধাঁচে আয়োজিত এই কার্নিভালে ছোট ছোট পড়ুয়াদের জন্য ছিল একাধিক জ্ঞানমূলক ও বিনোদনধর্মী কার্যক্রম। খেলাধুলার মাধ্যমে শেখার সুযোগ করে দিয়ে ‘ফান উইথ লার্ন’-এর বাস্তব প্রতিফলন দেখা গেল অনুষ্ঠানে।
শুধু এই স্কুলের পড়ুয়ারাই নয়, শহরের বিভিন্ন স্কুলের খুদে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সামার কার্নিভাল। উপস্থিত ছিলেন অভিভাবকরাও। শিশুদের আনন্দ, শেখা এবং প্রকৃতির সঙ্গে সংযোগ- এই তিনকে একসূত্রে গেঁথেই আয়োজন করা হয় এই বিশেষ উদ্যোগ।











































