শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর।
পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে তীব্র বচসা শুরু হয়।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাক্কাধাক্কি, হাতাহাতি ও সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর।
ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রনেতা বিবেক ঝা।
তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।
সংঘর্ষের জেরে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পড়ুয়া নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ভর্তি সংক্রান্ত সহায়তা শিবির পরিচালনাকে কেন্দ্র করেই প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরে সেই বচসা মারামারির আকার নেয়। ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
টিএমসিপি’র অভিযোগ, এবিভিপি কর্মীরা পরিকল্পিত ভাবে তাদের হেল্প ডেস্কে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
যদিও এবিভিপি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, এটি টিএমসিপি’র অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে কলেজ চত্বরে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।











































