এক হাজার চারা রোপণের লক্ষ্যে অভিযান, বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বার্তা!

ইসলামপুর: বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃহত্তর সবুজায়ন কর্মসূচিতে নামল দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক প্রশাসন।

রাজ্যজুড়ে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে শুক্রবার ইসলামপুরে বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করা হয়।

প্রশাসনের দাবি, শুধু একটি দিনের কর্মসূচি নয়, আগামী দিনে পরিবেশ রক্ষায় এটি ধারাবাহিক উদ্যোগ হিসেবে চলবে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভার বিধায়ক তথা চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, বিডিও পিনাকী দেবনাথ, ইসলামপুর থানার আইসি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

বিধায়ক কানাইয়া লাল আগরওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে রাজ্যের প্রতিটি বিধায়ককে এক হাজার করে চারা গাছ দেওয়া হয়েছে।

সেই কর্মসূচির অংশ হিসেবেই ব্লক ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ আচ্ছাদন বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

বিডিও পিনাকী দেবনাথ বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলিকে বাঁচিয়ে রাখার দিকেও নজর দেওয়া হচ্ছে।

এজন্য বাউন্ডারি-ঘেরা স্কুল চত্বরে বেশি করে চারা রোপণ করা হচ্ছে যাতে গাছগুলি নিরাপদে বেড়ে উঠতে পারে।

তিনি বলেন, “একটি গাছ শুধু রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। তার যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষার লক্ষ্য সফল হবে।”

বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে পরিবেশপ্রেমী মহলেও উৎসাহের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here