শিলিগুড়ি: জামাইষষ্ঠী মানেই বাঙালির পারিবারিক আবেগ, স্নেহ ও ভালোবাসার এক বিশেষ উৎসব।
আর সেই আবেগকেই নতুন মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ায় আয়োজিত এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব।
এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় উপস্থিত জামাইদের।
বরণের থালা হাতে তাঁদের স্বাগত জানান প্রবীণারা।
স্নেহ, আশীর্বাদ ও আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে উৎসবটি হয়ে ওঠে এক অনন্য মানবিক মিলনক্ষেত্র।
সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে সম্প্রীতি, ভালোবাসা ও সামাজিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।
আয়োজকদের বক্তব্য, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটানো ও পারিবারিক উৎসবের আনন্দের সঙ্গে তাঁদের যুক্ত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
জামাই বরণের মাধ্যমে এদিন সেই মায়েরাও যেন ফিরে পেলেন হারিয়ে যাওয়া পারিবারিক উষ্ণতা ও আবেগ।
উপস্থিত অতিথিদের মতে, এই ব্যতিক্রমী আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং সমাজে মানবিকতা ও আন্তরিকতার এক উজ্জ্বল বার্তা।
প্রবীণদের সম্মান ও ভালোবাসার মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনন্য নজির হয়ে থাকল হাকিমপাড়ার এই গণ জামাইষষ্ঠী উৎসব।












































