শিলিগুড়ি: রাজ্য সরকারের নির্দেশে শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব আর বিমলা।
মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি পুরনিগমে পৌঁছে প্রশাসক হিসেবে কাজে যোগ দেন।
উল্লেখ্য, আর বিমলা এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার জেলাশাসক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে রয়েছেন।
গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হবে।
সেই ঘোষণার পরদিনই প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আর বিমলা।
পুরনিগমে পৌঁছলে তাঁকে স্বাগত জানান পুর কমিশনার, পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন সহ বিজেপি কাউন্সিলররাও উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সম্বর্ধনা জানান।
দায়িত্ব গ্রহণের পর পুর প্রশাসক আর বিমলা পুরনিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
জানা যায়, বৈঠকে নাগরিক পরিষেবা, চলমান উন্নয়নমূলক প্রকল্প ও পুর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
প্রশাসক হিসেবে তাঁর যোগদানের মাধ্যমে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলেই আশা প্রকাশ করেছেন পুরনিগমের আধিকারিক ও কর্মীরা।












































