শিলিগুড়ি: সরকারি অর্থে নির্মিত প্রায় ১০ লক্ষ টাকার একটি পার্ক শেষ পর্যন্ত ভেঙে ফেলল শিলিগুড়ি পুরনিগম।
শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় নির্মিত ওই পার্কটি ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রশ্ন তোলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই।
তিনি জানতে চান, সরকারি ড্রেন, ফুটপাত ও রাস্তার অংশ দখল করে কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল।
পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এরপরই কমিশনার অবিলম্বে পার্কটি ভেঙে ফেলার নির্দেশ দেন।
নির্দেশ মিলতেই পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার দিয়ে পুরো পার্কটি গুঁড়িয়ে দেয়।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। কীভাবে সরকারি জমি ও পরিকাঠামো দখল করে এই নির্মাণ সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।













































