শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মাটিগাড়ার নির্মল কলোনি।
বাসিন্দাদের দুর্ভোগের খবর পেয়ে রবিবার এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ইতিমধ্যেই ফায়ার ব্রিগেডের টিম ও জেসিবি মোতায়েন করা হয়েছে। জমে থাকা জল দ্রুত বের করে দেওয়ার কাজ চলছে।
প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, বর্তমানে জলমগ্ন পরিস্থিতিকে আংশিকভাবে স্বাভাবিক করার কাজ চলছে।
পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আশ্বাস দেন, এলাকাবাসীর সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।












































