ধান রোপণের সময় বজ্রাঘাতে মৃত্যু মহিলা শ্রমিকের, শোকে স্তব্ধ ধুররা গ্রাম!

ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধুররা গ্রামে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে এক মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃতার নাম ছায়া বর্মন। তিনি রামগঞ্জ আদালগছ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ধানের জমিতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ধান রোপণের কাজ করছিলেন ছায়া বর্মন।

সেই সময় আচমকাই প্রবল বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয়দের দাবি, ছায়া বর্মনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।

দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কৃষিকাজ করে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

তাঁর আকস্মিক মৃত্যুর ফলে পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

তাই মৃতার পরিবারের জন্য সরকারের তরফে দ্রুত আর্থিক সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন গ্রামবাসীরা।

ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here