কন্টেনারভর্তি গরু উদ্ধার, বিহার- আসাম পাচারচক্রের ছক ভেস্তে দিল পুলিশ!

শিলিগুড়ি: গরু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল ফাঁসিদেওয়ার বিধাননগর থানার পুলিশ।

বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ, এমন একটি কন্টেনার থেকে ২০টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালিগঞ্জ চেকপোস্টে ২৭ নম্বর জাতীয় সড়কে নিয়মিত নাকা তল্লাশির সময় কলকাতা- শিলিগুড়িগামী একটি সন্দেহজনক কন্টেনার আটক করা হয়।

তল্লাশিতে কন্টেনারের ভিতর ২০টি গরু উদ্ধার হয়। চালকের কাছে গবাদিপশু পরিবহনের বৈধ নথি চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

এরপরই চালক পুরুষোত্তম কুমারকে গ্রেফতার করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদে খোয়ারে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলি বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তার আগেই পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here