পূর্ব মেদিনীপুর: ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করানোর অভিযোগে ফের বিতর্কের মুখে তৃণমূল নেতা সুজিত রায়।
ইতিমধ্যেই অন্য একটি মামলা সুজিত রায়ের বিরুদ্ধে এবার নতুন করে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ, রাধাবল্লভচক অঞ্চলের সাধুয়াপোতা গ্রামের বাসিন্দা শেখ মূর্শেদ আলীকে বন্দুক দেখিয়ে ও আবাস যোজনার বাড়ি না দেওয়ার ভয় দেখিয়ে বিজেপি নেতা তথা বর্তমান বিধায়ক সিন্টু সেনাপতি ও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি কুরবান শার দাদা আবজল শার বিরুদ্ধে সোনা ও টাকা চুরির মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছিল।
এই ঘটনায় সুজিত রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু হয়েছে বলে অভিযোগ।
তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে থাকা সুজিত রায়কে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি এলাকার একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চায়ের দোকানেই একসময় নিয়মিত আড্ডা দিতেন সুজিত রায়।
ঘটনাস্থলে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর তাঁকে ফের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সুজিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
সেই মামলায় গ্রেফতারের পর তাঁকে পুলিশি ও জেল হেফাজতে থাকতে হয়।
এদিকে, রাজনৈতিক শিবিরের দাবি, তৃণমূল জমানায় ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের হয়রানি করার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।















































