আগরতলা থেকে বিহারে পাচারের অভিযোগ, মঙ্গলবার আদালতে পেশ
শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) ও শিলিগুড়ি জিআরপির যৌথ দল।
এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ডাউন রানি কমলাপতি এক্সপ্রেস ঢোকার পর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু করে SOG ও জিআরপি।
অভিযানে জিআরপির সাদা পোশাকের পুলিশকর্মীরাও উপস্থিত ছিল।
এসআরপি ইন্দ্রবদন ঝা-এর নেতৃত্বে ট্রেনের একটি এসি কোচে তল্লাশি চালানো হয়।
সেখান থেকেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনায় গেরপ্তার দু’জনের নাম সুরজ কুমার পাসওয়ান ও রাজ কিশোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনই বিহারের সারন জেলার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আগরতলা থেকে গাঁজা সংগ্রহ করে তা বিহারে পাচারের উদ্দেশ্যে ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
পাশাপাশি কোথা থেকে এই গাঁজা সংগ্রহ করা হয়েছিল ও পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার দু’জনকে মঙ্গলবার রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।















































