পার্কিং ফি নিয়ে ক্ষোভ, এসএফ রোডে বিক্ষোভে ডেলিভারি কর্মীরা!

শিলিগুড়ি: শিলিগুড়ির ব্যস্ত স্টেশন ফিডার রোডে পার্কিং ফি আদায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

বিভিন্ন অনলাইন খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থার ডেলিভারি কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ দেখায়।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যেখানে বিনা খরচে বাইক পার্ক করে ডেলিভারি পরিষেবা দেওয়া হতো, সেখানে হঠাৎ করেই প্রতিবার পার্কিংয়ের জন্য ফি নেওয়া শুরু হয়েছে।

ডেলিভারি কর্মীদের দাবি, তাঁদের কাজের ধরন অনুযায়ী দিনে বহুবার বাইক পার্ক করতে হয়।

প্রতিবার পার্কিং ফি দিতে হলে আয়ের একটি বড় অংশ অতিরিক্ত খরচ হয়ে যাবে।

তাই অবিলম্বে এই ব্যবস্থা প্রত্যাহারের দাবি তোলেন তাঁরা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এর আগে পুলিশ জানিয়েছিল যে ওই অংশটি সার্ভিস রোড।

সেই কারণে তাঁদের প্রশ্ন, সার্ভিস রোডে কীভাবে পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে ও কোন কর্তৃপক্ষের অনুমতিতে সেখানে ফি আদায় করা হচ্ছে।

অন্যদিকে, পার্কিং পরিচালনার দায়িত্বে থাকা বাপি সিংহ রায় জানান, তিনি শুধুমাত্র কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মালিক বাপি চৌধুরীর নির্দেশ মেনেই কাজ করছেন বলে দাবি করেন তিনি।

পার্কিং ফি চালুর সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত নয় বলেও স্পষ্ট করেন।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এসএফ রোড এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ডেলিভারি কর্মীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে স্থায়ী সমাধানের উদ্যোগ নিক, যাতে তাঁদের দৈনন্দিন কাজ ব্যাহত না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here