অন্নপূর্ণা ভাণ্ডার বিক্ষোভে বিডিও অফিসে লাঠিচার্জের অভিযোগ, উত্তেজনা চরমে!

শিলিগুড়ি: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ফাঁসিদেওয়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে লাঠিচার্জের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে।

ঘটনায় অন্তত দুই মহিলা আহত বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় বিপুল সংখ্যক মহিলা বিডিও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে উত্তেজিত কয়েকজন বিক্ষোভকারী বিডিও অফিসের একটি ঘরের দরজায় ডিম ছোড়েন।

এরপরই সেখানে মোতায়েন থাকা বিএসএফ জওয়ানরা লাঠিচার্জ শুরু করেন বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভকারীদের দাবি, পরিস্থিতি এমন ছিল না যে লাঠিচার্জের প্রয়োজন পড়বে।

তাঁদের অভিযোগ, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই বলপ্রয়োগ করা হয়।

আরও অভিযোগ, লাঠিচার্জে অংশ নেওয়া সকল বিএসএফ কর্মীই পুরুষ ছিলেন ও ঘটনাস্থলে কোনও মহিলা বিএসএফ কর্মী উপস্থিত ছিলেন না।

ঘটনার খবর পেয়ে নকশালবাড়ির এসডিপিও সৌমজিৎ রায় ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কার নির্দেশে লাঠিচার্জ করা হলো ও কেন এই পদক্ষেপ নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার পর বিডিও অফিস চত্বরে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করে।

লাঠিচার্জের অভিযোগ ও বলপ্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশাসনের ভূমিকা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here