NEET-বিক্ষোভে অশান্তি: ‘চিহ্নিত হয়ে গেছে, কী করতে হয় আমি জানি’— কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সোমবার ১৪ হাজারের তিরঙ্গা যাত্রার ঘোষণা
কলকাতা: ধর্মতলায় NEET পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে শুক্রবারের অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, বিক্ষোভে যারা অশান্তি সৃষ্টি করেছে, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন। এদের কী করতে হয় আমি জানি।”
তাঁর অভিযোগ, যারা অশান্তি করেছে, তাদের সঙ্গে NEET আন্দোলনের কোনও সম্পর্ক নেই।
তিনি ইঙ্গিত করেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে।
বক্তব্যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিশানা করে বলেন, “শুক্রবার দিন, বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার বলেন, শুক্রবার সব ছাড় আছে। ওই শুক্রবারের লোকেরাই করেছে।
এদিনই একই রুটে সোমবার উত্তর কলকাতা বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রা করার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, শুক্রবার প্রায় ৭ হাজার মানুষের সমাবেশ হলেও সোমবার ১৪ হাজার মানুষকে নিয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সে সময় তিনি উত্তরবঙ্গে থাকবেন। উত্তর কলকাতায় তমোঘ্ন ঘোষ, তাপস রায় ও রীতেশ তিওয়ারির নেতৃত্বে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।















































