অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পুণ্যার্থীবাহী বাস; নিরাপদে উদ্ধার সকল যাত্রী, আহত একাধিক
শ্রীনগর: অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। জানা যায় প্রায় ৫০ জন পুণ্যার্থীকে নিয়ে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায়।
সোনমার্গ- বালতাল সড়কের হরি গানিওয়ান এলাকার একটি বিপজ্জনক এস-আকৃতির বাঁকে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ মিটার নিচে খাদে পড়ে নদীর ধারে গিয়ে আটকে যায়।
বাসটি সম্পূর্ণ নিচে গড়িয়ে না পড়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার অভিযানে নামে আইটিবিপি, সিআরপিএফ- এর ১১৮ ব্যাটালিয়ন, ২ অসম রাইফেলস, ২১ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশ সহ স্থানীয় বাসিন্দারা।
যৌথ তৎপরতায় বাসে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন পুণ্যার্থী আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনের চোট তুলনামূলক বেশি হলেও কারও মৃত্যুর খবর নেই।
চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে খবর, বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ার সময় খাদের ধারে থাকা একটি বাড়ির অংশ ভেঙে দেয়।
বাসটি একপাশে কাত হয়ে খাদে আটকে থাকায় ডান দিকের আসনে বসা যাত্রীরাই তুলনামূলক বেশি আহত হন বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ৯ জুলাই থেকে টানা ছয় দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখা হয়েছিল।
পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২৫ জুলাই থেকে পুনরায় যাত্রা শুরু হয়।
চলতি বছরের ৩ জুলাই শুরু হওয়া অমরনাথ যাত্রায় ইতিমধ্যেই ৪ লক্ষেরও বেশি ভক্ত অংশগ্রহণ করেছে।
আগামী ২৮ আগস্ট পর্যন্ত এই পবিত্র তীর্থযাত্রা চলবে বলে প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে ও পাহাড়ি দুর্গম রাস্তায় যান চলাচলে আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।















































