তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ, ডিম ছোড়া ও মারধরের অভিযোগে উত্তপ্ত!

জলপাইগুড়ি: জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের মেয়ে তথা জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাসকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন একদল মহিলা ও বিজেপি সমর্থক।

বিক্ষোভ চলাকালীন তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

পাশাপাশি চুলের মুঠি ধরে মারধরেরও অভিযোগ উঠেছে।

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কৃষ্ণ দাস ও তাঁর মেয়ে প্রণয়িতা দাস আত্মগোপনে ছিলো।

এদিন আদালতের নির্দেশে তাঁরা কোতোয়ালি থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়।

খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে বিপুল সংখ্যক মহিলা ও বিজেপি কর্মী জড়ো হয়ে তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষ্ণ দাস ও তাঁর মেয়ে এলাকায় সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে।

আরও অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পরদিন ছয়জন বিজেপি কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, যার সঙ্গে কৃষ্ণ দাস, প্রণয়িতা দাস সহ তাঁদের অনুগামীরা জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রণয়িতা দাসকে থানা থেকে বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত বিক্ষোভকারীদের একাংশ তাঁকে ঘিরে ফেলে।

সেই সময় ডিম ছোড়া, ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নিরাপত্তার সঙ্গে তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

ঘটনার জেরে কোতোয়ালি থানা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here