একাধিক পাবে অনিয়মের অভিযোগ, ভক্তিনগর থানায় স্মারকলিপি বঙ্গীয় হিন্দু মহাসভার!

শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি মল-সহ ভক্তিনগর থানা এলাকার একাধিক পাবে অনৈতিক কার্যকলাপ, অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ সহ লাইসেন্সের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলো বঙ্গীয় হিন্দু মহাসভা।

শনিবার সংগঠনের উত্তরবঙ্গ শাখার প্রতিনিধিরা ভক্তিনগর থানায় একটি লিখিত স্মারকলিপি জমা দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংগঠনের উত্তরবঙ্গ অঞ্চলের সভাপতি বিক্রমাদিত্যে মণ্ডলের অভিযোগ, সংশ্লিষ্ট কয়েকটি পাবে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অনিয়ম চলছে।

তাঁর দাবি, সম্প্রতি একটি পাবের মালিকের জন্মদিন উপলক্ষে আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রীর ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, কয়েকটি পাবে অপ্রাপ্তবয়স্কদের অবাধ যাতায়াত রয়েছে ও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে গভীর রাত পর্যন্ত পাব ও বার খোলা রাখা হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট পাবগুলির সিসিটিভি ফুটেজ, অডিও-ভিডিও রেকর্ডিং সহ অন্যান্য নথি পরীক্ষা করার দাবি জানিয়েছে সংগঠন।

তদন্তে লাইসেন্সের শর্ত ভঙ্গ বা অনৈতিক কার্যকলাপের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সুপারিশ করারও আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি বঙ্গীয় হিন্দু মহাসভা জানিয়েছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here