সূর্যসেন পার্কে আসছে আধুনিকতার ছোঁয়া, মহানন্দা রিভারফ্রন্ট সৌন্দর্যায়নের পরিকল্পনা খতিয়ে দেখলেন পর্যটনমন্ত্রী!

শিলিগুড়ি: শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র সূর্যসেন পার্ককে আধুনিক রূপ দেওয়া ও মহানন্দা নদীর তীরকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার লক্ষ্যে সোমবার এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার নিকো পার্কের আধিকারিকরাও।

পরিদর্শনকালে সূর্যসেন পার্কের বর্তমান পরিকাঠামো, উন্নয়নের সম্ভাবনা ও দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী জানান, পার্কে একাধিক আধুনিক রাইড ও বিনোদনের নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও আরও বেশি আকৃষ্ট হন।

এছাড়াও মহানন্দা নদীর রিভারফ্রন্টকে পরিবেশবান্ধব ও নান্দনিকভাবে উন্নত করার পরিকল্পনাও খতিয়ে দেখা হয়।

বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য বসার ব্যবস্থা, হাঁটার পথ ও আরামদায়ক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, সমস্ত নিয়ম মেনেই নদীতীরের যতটা সম্ভব সৌন্দর্যায়নের কাজ করা হবে।

পরিদর্শনের শেষে শংকর ঘোষ বলেন, “শিলিগুড়ির পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে সূর্যসেন পার্ক ও মহানন্দা রিভারফ্রন্টকে আধুনিক, আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের বিনোদনের সুযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটকদের জন্যও উন্নত পরিকাঠামো গড়ে তোলাই লক্ষ্য।”

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিলিগুড়ির পর্যটন মানচিত্রে সূর্যসেন পার্ক ও মহানন্দা রিভারফ্রন্ট নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here