স্কুল পড়ুয়াদের হাত ধরে উদ্বোধন নতুন রূপে ভক্তিনগর ট্রাফিক বুথ!

শিলিগুড়ি: শহরের যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সংস্কার করা হল ভক্তিনগর ট্রাফিক গার্ডের ট্রাফিক বুথ। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী ময়দান সংলগ্ন শহীদনগরের বিশ্বনাথ সিং মোড়ে স্কুল পড়ুয়াদের হাত ধরে নতুন রূপে এই ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্র্যাফিক কাজী সামসুদ্দিন আহমেদ, এসিপি ট্র্যাফিক সুবীর দত্ত, ভক্তিনগর ট্রাফিক গার্ডের ওসি অমর্ত্য চক্রবর্তী-সহ ট্রাফিক বিভাগের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ঊর্ধ্বতন ট্রাফিক পুলিশ আধিকারিকদের উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর স্কুল পড়ুয়াদের দিয়ে ফিতে কাটিয়ে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করা হয়।

সংস্কার করা এই নতুন ট্রাফিক বুথে রয়েছে দুটি ঘর ও একটি শৌচালয়। ট্রাফিক বিভাগের দাবি, শিলিগুড়ি শহরের ট্রাফিক বুথগুলির মধ্যে শৌচালয়ের সুবিধা-সহ এটিই প্রথম বুথ। ফলে পুরুষ ট্রাফিক কর্মীদের পাশাপাশি মহিলা ট্রাফিক কর্মীরাও বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নতুন এই বুথ চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা করছে ট্রাফিক বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here