শিলিগুড়ি: হাইকোর্টের নির্দেশে শিলিগুড়ির সুভাষপল্লি এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম।
বৃহস্পতিবার পুরনিগমের কর্মীরা এলাকায় গিয়ে একটি বাড়ির চিহ্নিত অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করেন।
অভিযানে বাড়ির কয়েকটি অংশের পাশাপাশি ছাদেরও একটি অংশ ভেঙে ফেলা হয়।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাড়িটির নির্মাণ নিয়ে আইনি জটিলতা চলছিল। পরে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। সম্প্রতি আদালতের নির্দেশে বাড়িটির চিহ্নিত অবৈধ অংশগুলি ধাপে ধাপে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রঞ্জন সরকারের বাবা ১৯৯৮ সালে ওই বাড়িটি কিনেছিলেন।
বর্তমানে রঞ্জন সরকার, তাঁর দুই ভাই-সহ পরিবারের একাধিক সদস্য সেখানে বসবাস করেন। পরিবারের দাবি, দীর্ঘ প্রায় তিন দশক ধরে তাঁরা ওই বাড়িতে বসবাস করছেন।
তবে পুরনিগমের অভিযানে ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। তাঁদের অভিযোগ, ভাঙার মাত্র দু’দিন আগে নোটিশ দেওয়া হয়। এত বছর ধরে বসবাসের পর হঠাৎ বাড়ির একাংশ ভেঙে দেওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন বলেও দাবি পরিবারের সদস্যদের।
তাঁদের বক্তব্য, ১৯৯৮ সালে বাড়িটি কেনার সময় নির্মাণ সংক্রান্ত সমস্ত বিষয় তাঁদের জানা ছিল না।
অন্যদিকে, পুরনিগমের তরফে আদালতের নির্দেশ অনুযায়ীই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রথম ধাপে বাড়ির কয়েকটি চিহ্নিত অংশ ও ছাদের একাংশ ভাঙা হয়। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী বাড়ির বাকি চিহ্নিত অংশ নিয়েও পদক্ষেপ করা হতে পারে।















































