মুম্বই: ক্ষমতার লড়াই, কৌশল, দলবদল আর টানটান উত্তেজনা সব মিলিয়ে ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজন।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন সিজনের প্রোমো। সেখানে প্রথম চার প্রতিযোগী হিসেবে দেখা মিলেছে স্বরা ভাস্কর, শেহজাদ পুনাওয়ালা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী ও করণ প্যাটেলের।
Banijay Asia প্রযোজিত এই অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্ষমতার এমন এক খেলা, যেখানে পরিস্থিতির সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে প্রতিযোগীদের অবস্থান।
আজকের শাসক পরক্ষণেই হয়ে যেতে পারেন শ্রমিক আর সেই বদলের মধ্যেই এগিয়ে যেতে হবে প্রতিযোগীদের।
প্রোমোতে চার প্রতিযোগীকেই একে অপরকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করতে দেখা গিয়েছে।
স্বরা ভাস্করের স্পষ্ট বক্তব্য, শেহজাদ পুনাওয়ালার রাজনৈতিক মঞ্চের পরিচিতি, প্রিয়াঙ্কা চাহার চৌধুরীর রিয়েলিটি শো-এর অভিজ্ঞতা ও করণ প্যাটেলের টেলিভিশন তারকা হিসেবে পরিচিতে সব মিলিয়ে এবারের প্রতিযোগিতায় ভিন্ন ধরনের সমীকরণের ইঙ্গিত মিলেছে।
প্রিয়াঙ্কা চাহার চৌধুরী জানিয়েছেন, রিয়েলিটি শো-এর অভিজ্ঞতা থাকলেও ‘রাইজ অ্যান্ড ফল’-এর ক্ষমতার খেলা তাঁর কাছে সম্পূর্ণ নতুন। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ও নিজের ভাগ্য নিজের চালের মাধ্যমে তৈরি করার বিষয়টিই তাঁকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে বলে জানান তিনি।
অন্যদিকে স্বরা ভাস্কর জানান, তিনি নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে অভ্যস্ত।
তাঁর মতে, সম্পূর্ণ ভিন্ন মানসিকতার একাধিক ব্যক্তিত্ব যখন একই খেলায় ক্ষমতা ও কৌশল নিয়ে মুখোমুখি হবেন, তখন নানা ধরনের নতুন সমীকরণ তৈরি হতে পারে।
করণ প্যাটেলের কথায়, এতদিন দর্শক তাঁকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। এবার কোনও চরিত্রে নয়, নিজের পরিচয়েই তাঁকে নামতে হবে ক্ষমতার এই লড়াইয়ে।
অন্যদিকে শেহজাদ পুনাওয়ালা ‘রাইজ অ্যান্ড ফল’-এর নামের সঙ্গে নিজের জীবনের ওঠানামার মিল রয়েছে বলে মন্তব্য করেছেন।
নতুন সিজনে মোট ৪২ দিন ধরে চলবে এই ক্ষমতার লড়াই। ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিনামূল্যে দেখা যাবে অনুষ্ঠানটি।
Prime Video ও MX Player-এর অ্যান্ড্রয়েড অ্যাপে স্ট্রিম হবে ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২। এই সিজনের বিশেষ পার্টনার হিসেবে রয়েছে Lux Nitro সহ সেফটি পার্টনার Mallcom India।















































